জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ক্রোকের আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুদকের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।
কাজী আনিস আহমেদের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৪৯ দশমিক ৪৩ একর জমি ও গুলশানের একটি প্লট। এসব সম্পত্তির দাম ৭ কোটি ২০ লাখ ৭২ হাজার ৮৪৬ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৯টি বিও হিসাবের ৮৪ কোটি ৮৯ লাখ টাকা।
এ ছাড়া ২০টি ব্যাংক হিসাবে রয়েছে ২২ কোটি ৩৮ লাখ টাকা।
এর আগে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আল-আমিন এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। পরবর্তীতে তার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়েও আবেদন করা হয়।