অর্থ আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২১ জনের বিরুদ্ধে ১২ মামলার অনুমোদন দিয়েছে দুদক। অভিযুক্তদের মধ্যে প্রতিষ্ঠানটির সাবেক শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন ঋণগ্রহিতা প্রতিষ্ঠানের মালিকও রয়েছেন। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এসব তথ্য জানানো হয়।
১২টি মামলায় ১৫ প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা এবং উত্তরা ফাইন্যান্সের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের নথি অনুযায়ী, আবেদন ও নথিপত্র বা কোনো জামানত জমা না দিয়ে এবং বোর্ডের অনুমোদন ছাড়াই উত্তরা ফাইন্যান্স থেকে মোট ৬৮ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ১১৮ টাকা আত্মসাৎ করা হয়েছে।
পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এ বিপুল অর্থ লোপাট করা হয়। ১১টি প্রতিষ্ঠান এবং উত্তরা ফাইন্যান্সের একজন সাবেক কর্মকর্তার ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ আত্মসাতের চিত্র উঠে এসেছে।



