ভূমিকম্পের পর কারখানা ভবনে ত্রুটি পরীক্ষা-নিরাপত্তা জোরদারের আহ্বান বিজিএমইএর

কারখানা ভবনে কোনো ধরনের ত্রুটি আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করতে সদস্যদের নির্দেশ দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন (বিজিএমইএ)।

সাম্প্রতিক ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করে কারখানার নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের সদস্যদের উদ্দেশে দেওয়া চিঠিতে বিজিএমইএ জানিয়েছে, ভূমিকম্পের পর যে কোনো সময় বড় মাত্রার আফটারশকের শঙ্কা থাকে। যা জীবন ও সম্পদের জন্য হুমকিস্বরূপ। তাই এ বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে কারখানা ভবন, লিফট, বয়লার রুম, জেনারেটর রুম, সাবস্টেশন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

২১ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হয়। এর পরপরই সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেয় বিজিএমইএ।