দেশের মোট সম্পদের ২৪ শতাংশই ১ শতাংশ মানুষের কাছে। আর মোট জাতীয় আয়ের ১৬ শতাংশই তাদের হাতে। প্যারিসভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব এক প্রতিবেদন বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বৈষম্য মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং গত এক দশকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। আয়ের বিবেচনায় দেশের শীর্ষ ১০ শতাংশ আয়ের মানুষ মোট জাতীয় আয়ের প্রায় ৪১ শতাংশ উপার্জন করে। যেখানে নিচের ৫০ শতাংশের আয় মাত্র ১৯ শতাংশ। আর সম্পদের বণ্টনে বৈষম্য আরও বেশি। শীর্ষ ১০ শতাংশের হাতে মোট সম্পদের প্রায় ৫৮ শতাংশ। আর শীর্ষ ১ শতাংশের হাতে রয়েছে ২৪ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের ধনী ১ শতাংশ মানুষের গড় সম্পদ প্রায় ১০ কোটি ২৬ লাখ টাকা। অন্যদিকে, নিচের দিকের ৫০ শতাংশের গড় সম্পদ প্রায় দুই লাখ টাকা। তাদের হাতে রয়েছে সম্পদের মাত্র ৪ দশমিক ৭ শতাংশ।