আগামী সপ্তাহের মধ্যে অর্থ ফেরতের দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় তারা।
একীভূত হওয়া ব্যাংকের আমানতকারীরা বলেন, শুধু সঞ্চয়ী হিসাব নয়, অন্যান্য হিসাবের টাকাও দ্রুত ফেরত দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা ফেরত দেওয়া হলে, অন্যান্য হিসাবের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজের জমানো টাকা তুলতে আবারও মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করে আমানতকারীরা। এসময়, পাঁচ ব্যাংক একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তারা কবে পুরো টাকা ফেরত পাবে সেটি জানতে চায় গভর্নরের কাছে।
আমানতকারীদের অভিযোগ, সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রাথমিকভাবে শুধু সঞ্চয়ী ও চলতি হিসাবের অর্থ ফেরত দেওয়া হলেও, অনেকেই পাচ্ছেন না বিভিন্ন নিয়ম ও শর্তের কারণে। দুই লাখ টাকার বেশি আমানতকারীদের অর্থ ফেরত তিন মাসের পরিবর্তে দুই মাস করার দাবিও তাদের।
আমানতকারীদের একজন বলেন, ‘দুই লাখ টাকা আমাদেরকে দেবে। এই দুই লাখ টাকাও আমরা পাই নাই। পাই নাই কেন– বিভিন্ন ক্যাটাগরি তারা রেখেছে। মানে বিভিন্ন আইনের বেড়াজালে আমাদের আটকে রেখেছে।’
আরেক আমানতকারী বলেন, ‘আমার মূল যে দশলাখ টাকা,সেটা দেবে না। প্রফিট যেটা সেটাও দেবে না। এমনকি আমি যদি আমারসাথে জয়েন্ট ভেনচারে একাউন্ট করি, সেই টাকাও দেবে না।’
এক নারী আমানতকারী বলেন, ‘আমার যে টাকা; আমার টাকা আমি চাই। আমার প্রফিট আমি চাই। আমার টাকা একেবারে না পারুক, ধাপে ধাপে দিয়ে দিক।’
এ সময় ভুক্তভোগী আমানতকারীরা বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ও পুরাতন হিসাবে একই হারে মুনাফা দিতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, সব আমানতকারীদের অর্থ একসাথে ফেরত দেওয়া সম্ভব নয়। তবে, সবাই অর্থ ফেরত পাবেন বলেও নিশ্চয়তা দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে এত অধিকসংখ্যক চাহিদা মেটানো সম্ভব নয়। এজন্য আমরা ধাপে ধাপে দেব। আপনারা যারা ভাববেন যে, আমার টাকা উত্তোলনের প্রয়োজন নেই, দুই লাখ টাকাও ওঠানোর প্রয়োজন নেই। আমি এখন ওঠাব না। এরকম মানুষ অনেক থাকবে। এই টাকাগুলো যোগ করে যেগুলো ব্যক্তিগত এফডিআর, সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সব ধরনের গ্রাহকের টাকা দ্রুত ফেরত না দিলে, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা।