গ্রাহকদের অর্থ ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা ব্রাঞ্চ থেকে টাকা ফের পাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যাংকটিকে ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক।
দিলকুশা ব্রাঞ্চের ম্যানেজার মইনুল ইসলাম জানান, ২ লাখ টাকা পর্যন্ত যেকোনো গ্রাহক আবেদন ছাড়াই তুলতে পারবেন। গেল ৪ দিনে মতিঝিল দিলকুশা ব্রাঞ্চে ৪ কোটি ৫৭ লাখ টাকার আবেদন জমা পড়েছে। যার জন্য ৬২ জন গ্রাহক আবেদন করেছেন বলে জানান ব্রাঞ্চ ম্যানেজার।
বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তা বা গ্যারান্টিতে এই টাকা দেওয়া হয়েছে। দীর্ঘদিন টাকা তুলতে না পারায় ন্যাশনাল ব্যাংকের ৪ আমানতকারী আদালতে গেলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়।


