আগামী মঙ্গলবারের (২০ জানুয়ারির) মধ্যে ন্যূনতম মজুরি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চামড়া শিল্প শ্রমিকরা। শনিবার সকালে সাভারের ট্যানারি শিল্প নগরীতে এক সমাবেশে এমন ঘোষণা দেন তারা।
এসময় শ্রমিকরা বলেন, ট্যানারি শ্রমিকদের জন্য ২০২৪ সালের নভেম্বরে সরকার নিম্নতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে, যা মালিক ও শ্রমিকদের ঐকমত্যের ভিত্তিতেই হয়েছিল। কিন্তু নানা অজুহাতে মালিকরা তা বাস্তবায়ন করেনি। অন্যান্য খাতের শ্রমিকরা ন্যায্য মজুরি পেলেও ট্যানারি শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। বাধ্য হয়েই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি হস্তক্ষেপের আহ্বান জানান শ্রমিক নেতারা।
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন-এর সভাপতি আবুল কালাম আজাদ বলেন, 'প্রায় ৬ মাসের পরে কোনো শ্রমিক অস্থায়ী থাকে না। তাদেরকে আমরা ১৮ হাজার দেব না, তাহলেতো আমার ৬০ পার্সেন্ট শ্রমিকের বেতন বাড়বে না, ১৮ হাজারের আওতায় তারা যাবে না। এটাই হলো এখন উনাদের (মালিকদের) প্রথম টার্গেট। আমাদের যে সমস্ত স্থায়ী শ্রমিক আছে তারা যে গ্রেডে কাজ করছে সেটাই উনারা রাখবে। তারা যদি অন্য গ্রেডে যায়, উপরের গ্রেডে যায় তাহলে তাদের বেতন সে অনুযায়ী নির্ধারণ করবে না, এ ধরণের একটা পায়তারা উনাদের মধ্যে আছে।'