গাজীপুরে চার দিন বন্ধ থাকবে রিসোর্ট ও পার্ক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে গাজীপুরে চার দিনের জন্য সব শুটিং স্পট, রিসোর্ট ও পার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। বৃহস্পতিবার রাতে জিএমপির জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। জিএমপি কমিশনার মোহা. আলমগীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনী এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে। এ সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ প্রশাসন বলছে, নির্বাচনের সময়ে অনাকাঙ্ক্ষিত সমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তঝুঁকি এড়াতে এবং ভোটের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুরের বিভিন্ন এলাকায় আড়াই শতাধিক রিসোর্ট, শুটিং স্পট ও পিকনিক স্পট রয়েছে। এসব বিনোদনকেন্দ্রে ভিড় করেন রাজধানীসহ বিভিন্ন জেলার মানুষ।