মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিল বিমান

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য জরুরি নির্দেশ জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শনিবার এক বার্তায় সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবিসহ যেসব গন্তব্যের যাত্রীদের বিমানের সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দরে আসতে অনুরোধ করা হয়েছে। এর জন্য হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিমান বলছে, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে বিমানের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ওই গন্তব্যে যাত্রা করতে ইচ্ছুক সব যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আমাদের সম্মানিত যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো আপডেট যথাসময়ে জানানো হবে।’

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইরানে ইসরায়েল কর্তৃক হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট রুটগুলোতে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনর্নির্ধারণ করা হয়েছে। এই প্রেক্ষিতে বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব এয়ারলাইনসকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছে—ফ্লাইট বাতিল বা বিলম্বসংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিম অবহিত করতে হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসের কর্মীদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে এবং পুনর্নির্ধারিত ফ্লাইটসংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি পরিহার করা যায়।’

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রীনিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করা হচ্ছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় সব ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে ফ্লাইট বাতিল করেছে এই এয়ারলাইনস।