ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত সিলেটের পর্যটনকেন্দ্রগুলো। হোটেল-মোটেলে এরইমধ্যে বুকিং ৭০ ভাগ বুকিং শেষ। টানা সাত দিনের ছুটিতে জেলায় লাখো পর্যটকের ঢল নামবে বলে আশা ব্যবসায়ীদের। উৎসবে শতকোটি টাকার ব্যবসার সম্ভাবনা এবার। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে সতর্ক ট্যুরিস্ট পুলিশ।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। সবুজ পাহাড়-টিলা, চা বাগান আর ঝরনার টানে প্রতি বছর ঈদের ছুটিতে ছুটে আসেন লাখো পর্যটক। ঘুরে বেড়ান জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর, রাতারগুলসহ বিভিন্ন দর্শনীয় স্থানে। পর্যটকদের বরণে সিলেটের হোটেল-মোটেলগুলোতে চলছে নানা প্রস্তুতি। বেশিরভাগ হোটেল-মোটেলের রুম বুকিং হয়ে গেছে।
গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের অপারেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, ‘পর্যটকদের জন্য ট্যুরিস্ট গাইডের ব্যবস্থা রয়েছে। গাইডের সহায়তায় রিসোর্ট ও তার আশপাশের স্থান ঘুরে দেখা যাবে।’
এবারও ঈদের ছুটিতে লাখো পর্যটকের সমাগম হতে পারে সিলেটে। উৎসবের কয়েক দিন শতকোটি টাকা লাভের আশা পর্যটন ব্যবসায়ীদের।
সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, ঈদে সাত-আট দিনের যে ছুটি রয়েছে এখানে শত কোটি টাকা ব্যবসার আশা করা যাচ্ছে। পর্যটকদের জন্য জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় থাকবে নতুন চমক।
ভ্রমণপিপাসুদের নিরাপদ ও নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিতে নানা প্রস্তুতি নিয়েছে প্রশাসন। জেলা ও হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
সিলেট রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ) উৎপল কুমার বলেন, পর্যটন স্পটে যদি কোনো পর্যটক হয়রানির শিকার হয় পুলিশে খবর দেওয়ার জন্য হটলাইন বা জরুরি যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে।