জানুয়ারিতে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

চলতি বছরের জানুয়ারি মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় কমেছে প্রায় ২৫ শতাংশ। পণ্যের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি দাম কমায় সার্বিকভাবে হ্রাস পেয়েছে আয়। 

ইউরোস্ট্যাস্টের পরিসংখ্যান অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলো চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ রপ্তানি করেছে ১৪৩ কোটি ইউরোর পোশাক। গত বছর জানুয়ারিতে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ১৯১ কোটি ইউরো। 

উল্লেখ্য, এ বছর জানুয়ারিতে বিভিন্ন দেশ থেকে মোট ৭০৩ কোটি ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে ইইউ’র দেশগুলো, যেটা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১৫ শতাংশ কম। তবে পরিমাণের বা ওজনের দিক থেকে তৈরি পোশাক আমদানি হ্রাস পেয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ।

এ বছর জানুয়ারিতে ৩৮ কোটি কেজি তৈরি পোশাক আমদানি করে ইইউভুক্ত দেশগুলো। গত বছরের জানুয়ারিতে তারা আমদানি করেছিল ৪১ কোটি কেজি তৈরি পোশাক। 

ইউরোপে পোশাক রপ্তানির দিক থেকে বরাবরের মতো শীর্ষে আছে চীন। জানুয়ারিতে এই অঞ্চলে ২২২ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে দেশটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯০ শতাংশ কম।