হিসাবে নয়-ছয় করে ১০ বছরেই পাচার হয়েছে ৭ লাখ ৮০ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে অর্থপাচার হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)। সংস্থাটির তথ্যমতে, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৭ লাখ ৮০ হাজার কোটি টাকারও বেশি।

জিএফআই-এর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি পণ্যের মূল্য বা পরিমাণের মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সরানো হয়েছে। মূলত কর ফাঁকি দেওয়া, মুনাফা স্থানান্তর বা বিদেশে পুঁজি পাচারের উদ্দেশ্যে আমদানিতে অতিরিক্ত মূল্য এবং রপ্তানিতে কম মূল্য দেখানোর এই কারসাজি করা হয়।

জিএফআই-এর তথ্যমতে, বাণিজ্য মূল্যের এই বিশাল ব্যবধানের দিক থেকে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ ১০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।