৬১ হাজার টন গম নিয়ে জাহাজ এল আমেরিকা থেকে 

আমেরিকা থেকে ৬১ হাজার টন গম নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। আজ বুধবার ওই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় বলে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তির (জি টু জি থ্রি) অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার টন গম নিয়ে এমভি এমপি আল্ট্রাম্যাক্স ২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে জি টু জি থ্রি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম দেশে পৌঁছেছে।

এতে বলা হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং  দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার টন মোংলা বন্দরে খালাস করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি ওয়ান এবং টু’র চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে।

এতে আরও বলা হয়, এখানে উল্লেখ্য, জি টু জি ওয়ান মোতাবেক  ২,৩৭,৮৪৫ টন এবং জি টু–জি টু মোতাবেক ২,৩০,০৩৯ টন, মোট ৪,৬৭,৮৮৪ টন গম দেশে এসেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।