রেল সেবায় গতি আনতে পার্বতীপুরে বড় প্রকল্প

ট্রেনের লোকোমোটিভ মেরামতে সক্ষমতা বাড়াতে দিনাজপুরে নির্মিত হচ্ছে আরও একটি কারখানা। পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার কাছেই নতুন কারখানার স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। রেলের ৩০৬টি লোকোমোটিভ সচল রাখতে নতুন কারখানা কার্যকর ভূমিকা রাখবে এবং রেল চলাচল আরও নির্বিঘ্ন হবে, আশা সংশ্লিষ্টদের।

দিনাজপুরের পার্বতীপুরে ১৯৯২ সালে স্থাপিত হয় দেশের একমাত্র লোকোমোটিভ কারখানা। ব্রডগেজ ও মিটার গেজ লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও মেরামত হয় এখানে।

সময়ের সাথে রেলওয়ের লোকোমোটিভের সংখ্যা বেড়ে এখন ৩০৬টি। বছরে অন্তত ৫১টি লোকোমোটিভ ওভারহোলিংয়ের প্রয়োজন হলেও করা যায় মাত্র ২১টি। এ সংকট সমাধানে পার্বতীপুরেই ২৫ একর জায়গা নিয়ে নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় লোকোমোটিভ কারখানা। নতুন ইউনিট তৈরি হলে রেলের সক্ষমতা বাড়ার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থান।

সংশ্লিষ্টরা বলছেন, রেল সেবায় গতি বাড়াতে এ কারখানা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এমনিই লোকোমোটিভের সংকট রয়েছে, এ কারখানা নির্মাণ হলে আউটটার্ন আরও বাড়বে। 

লোকোমোটিভ মেরামতের নতুন কারখানা চালু হলে প্রতি বছর ওভারহোলিংয়ের কোনো সংকট থাকবে না। এতে রেল চলাচল আরও নির্বিঘ্ন হবে, বলছেন কর্মকর্তারা।

পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসানুজ্জামান বলেন, গড়ে দুটি ইউনিট থেকে ৫০টি লোকোমোটিভ আউটটার্ন দেওয়া সম্ভব হবে। এতে রেলপরিবহনে গতি বাড়বে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নতুন লোকোমোটিভ কারখানা স্থাপন প্রকল্পের ব্যয় ২ হাজার ৯০০ কোটি টাকা। এতে ৭ৃ৫০ জনের কর্মসংস্থান হবে।