দেশের বাজারে চার দফা বাড়ার পর এবার কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরি এখন ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এ দাম নির্ধারণ করেছে। নতুন দর কার্যকর হয়েছে সকাল ১০টা থেকে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৭৪৯ টাকা কমে নতুন দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১ এপ্রিল প্রতি ভরি সোনার দামে সর্বোচ্চ বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগে আরও তিন দফা সোনার দাম বাড়ানো হয়।
সম্প্রতি বাংলাদেশসহ সারা বিশ্বে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে কয়েক সপ্তাহজুড়েই চলে দামের নাটকীয় ওঠানামা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই সোনার দামে এই অস্থিরতা দেখা যাচ্ছে। বার বার দাম সমন্বয়ের কারণে বিভ্রান্ত হচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির পর দেশের বাজারেও ভালো মানের এক ভরি সোনার দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। তবে আন্তর্জাতিক বাজারে দর কমতেই দেশের বাজারেও বড় ধরনের সমন্বয় শুরু হয়। করোনার পরের পাঁচ বছরে বিশ্বে সোনার দাম ঝড়োগতিতে বেড়েছে। দেশে ২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার এই ধাতুটির দাম ভরিতে ছাড়ায় এক লাখ টাকা।