সরকারের সংস্কার প্রক্রিয়া নজরদারি করা হবে: দেবপ্রিয় ভট্টাচার্য  

অর্থনীতির অগ্রযাত্রার জন্যই সংস্কার অব্যাহত রাখতে হবে। তাই সরকারের সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়নে নজরদারি করা হবে বলে জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও ইআরএফ এর সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ও পাচার হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে হাতে নিয়েছিল দুদক সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইনের অধীনে করা চুক্তিগুলোর পুনর্মূল্যায়ন শুরুসহ কয়েক ডজন সংস্কার প্রক্রিয়া। তবে বিশ্লেষকররা বলছেন, আমলাতন্ত্রের চাপে কয়েক মাসেই স্থবির হয়ে পড়েছিল উদ্যোগগুলো। 

জুলাই আন্দোলন জনগণের মাঝে সংস্কারের আকাঙ্ক্ষা তীব্র করেছে বলে মনে করেন গবেষকেরা। তবে অন্তর্বর্তী সরকারের কোনো অর্থনৈতিক দর্শন ছিল না বলেই অভিমত অনেকের। রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন বিশিষ্ট জনেরা।

নাগরিক প্ল্যাটফর্ম আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সরকারের সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নজরদারি থাকতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও ইআরএফ একসাথে কাজ করবে।’ 

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ডিজিটাল সিকিউরিটি আইন ও টেলিকম নীতিমালার পর্যালোচনা শুরু করেছে সরকার। তথ্যমন্ত্রী জানান, আগের সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে তৎপর বিএনপি সরকার।