জ্বালানি সংকটে দেশের ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কা ঢাকা চেম্বার অব কমার্সের (ডিসিসিআই)। বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় জিডিপির প্রবৃদ্ধি ১ শতাংশ কমতে পারে বলে মনে করছে সংগঠনটি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি শুরু হলেও এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহের অন্যতম পথ হরমুজ প্রণালি। ফলে এখনো শঙ্কা কাটেনি জ্বালানি খাতে।
এমন বাস্তবতায় বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশে প্রভাব ও করণীয় নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার। সভায় জ্বালানি আমদানি ও সরবরাহের ঘাটতির বিষয় তুলে ধরেন বক্তারা। বৈশ্বিক অস্থিরতায় চাহিদা অনুযায়ী জ্বালানির মজুত বাড়ানোর পাশাপাশি সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের।
জ্বালানি সংকট ও সরবরাহে সরকারি ও বেসরকারি খাতের জড়িতের বিচারের আওতায় আনার তাগিদ আলোচকদের। এছাড়া সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশে নতুন কূপের সন্ধানে জোর দিতে হবে বলে জানান বক্তারা।
ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় জিডিপির প্রবৃদ্ধি কমতে পারে ১ শতাংশ। সে জন্য ২০২৬ এর জিডিপির লক্ষ্যমাত্রা কমে যেতে পারে। পাশাপাশি বাজেট ঘাটতি বেড়ে যেতে পারে।’
শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান বলেন, ‘হরমুজ প্রণালির ক্ষেত্রে আমরা কোনো কিছু আমদানি করতে সমস্যার মুখে পড়ছি। নিষেধাজ্ঞা বা হুমকি মিলিয়ে আমরা হযবরল অবস্থায় আছি।’
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কল কারখানা বন্ধ হওয়ার পাশাপাশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও রয়েছে বলেও জানান আলোচকেরা। তেলের বর্তমান মজুত দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মত জ্বালানি ব্যবসায়ীদের। তাই সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের।