রাজধানীসহ সারা দেশে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ডিমের দাম স্থির থাকলেও, বেড়েছে মুরগির দাম।
চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়ে দেশি মুরগি ৭৫০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৭২০ টাকায়। ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। ১২০ টাকাতেই মিলছে ডিমের ডজন।
রাজশাহীতে কেজিতে ৩০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। বরিশালে কেজিতে ৫ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
খুলনায় গত সপ্তাহের চেয়ে সবজির দাম কেজিতে ৫ টাকা থেকে ১০টাকা বেড়ে পেঁপে ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, বরবটি ৭০টাকায় বিক্রি হচ্ছে।
বোতলজাত সয়াবিন তেল কোম্পানি থেকে সরবরাহ না থাকায় কিছুটা ঘাটতি থাকলেও আগের দামেই বিক্রি হচ্ছে। খোলা তেলের দাম কিছুটা বাড়তি রাখছেন বিক্রেতারা।
মুরগির দাম নিয়ে বিক্রেতারা বলছেন, বাজারে মুরগির সরবরাহ কম থাকায় দাম বাড়তি। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন সরকারের নজরদারি, বলছেন ক্রেতারা।
(প্রতিবেদনে তথ্য পাঠিয়েছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা)