মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাবে দেশের অর্থনীতি চাপে পড়তে পারে। এতে প্রকৃত জিডিপি কমতে পারে প্রায় ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং- সানেমের গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
সানেমের গবেষণা বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত দেশের অর্থনীতিকে জ্বালানি, রেমিট্যান্স এবং বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার মাধ্যমে প্রভাবিত করছে।
সংস্থাটির গবেষণা অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ৫০ শতাংশ বৃদ্ধি পেলে দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর প্রভাবে প্রকৃত জিডিপি প্রায় ১দশমিক ২ শতাংশ হ্রাস পাওয়ার আশঙ্কার কথা বলছে সানেমের গবেষণা। সার্বিকভাবে দেশের রপ্তানি প্রায় ২ শতাংশ এবং আমদানি ১ দশকিক ৫ শতাংশ কমে যেতে পারে।
এছাড়া জ্বালানি সঙ্কটের কারণে মূল্যস্ফীতিও তীব্র আকার ধারণ করতে পারে। ফলে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। এতে ৪০ দিনের যুদ্ধের সাময়িক অবসান হয়।