সংসদে অধ্যাদেশে সংশোধন

একীভূত পাঁচ ব্যাংকে ফিরবেন আগের মালিকরাই?

ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস হওয়ায় একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আগের মালিকরা ফিরে আসার সুযোগ রয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, অনিয়মের সাথে জড়িত কোনো পরিচালকই ফিরতে পারবেন না ব্যাংক পরিচালনায়। বিশ্লেষকরা বলছেন, যাদের কারণে ব্যাংক খাত সংকটে পড়েছে, তাদের ফিরিয়ে আনা হবে অনৈতিক।

গেল আওয়ামী লীগের দেড় দশকে নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে পাচার করেছে এক শ্রেণীর সুবিধাভোগী গ্রাহক ও এস আলমসহ বড় কয়েকটি শিল্পগোষ্ঠী। অন্তর্বর্তী সরকারের সময় এসব দুর্বল ব্যাংকের প্রকৃত চিত্র বেরিয়ে আসে। ফলে গ্রাহকদের আস্থা হারিয়ে ব্যাংকগুলোতে তারল্য সংকটে পড়ে।

এমন বাস্তবতায় গ্রাহকের আমানতের নিশ্চয়তা দিতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে জারি করে অন্তর্বর্তী সরকার। তবে শুক্রবার অধ্যাদেশটিতে সংশোধন এনে আইনে রুপান্তর করে জাতীয় সংসদ। এতে একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘পূর্বের যারা বিনিয়োগকারী ছিল তাদের অথবা… যদি কোনো বিদেশি বিনিয়োগকারী আসতে চায় এসব ব্যাংকের জন্য, সেটা আসতে পারবে। পুরোনো বলতে বুঝিয়েছে… যেখানে যাদের নামে…সব পরিচালকরা তো আর আসলে…যে, তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তা না। এ ধরনের যারা পরিচালক আছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারাও চাইলে এই অর্থের সংস্থান করতে পারে।’

নতুন আইন অনুযায়ী, একীভূত ব্যাংক পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার এ পর্যন্ত যে অর্থ ব্যয় করেছে, তার সাড়ে ৭ শতাংশ পরিশোধ করে আগের মালিকরা এর নিয়ন্ত্রণ নিতে পারবেন। তবে বিশ্লেষকরা বলছেন, সহজেই ফেরার সুযোগ নেই ব্যাংক লুটেরাদের।

বিআইবিএম-এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘সাড়ে ৭ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে তারপরে আবার মালিকানা ফেরত নেওয়া…ইটস ভেরি টাফ, তাই না? সুতরাং এই ক্লজটা…যদিও বাইরে থেকে মনে হবে যে তাদের ফেরার জায়গাটা সহজ করে দিল, কিন্তু আমার মনে হয় এটা খুব টাফ হবে।’

এমটিবি-র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘নীতিগতভাবে করাটা ঠিক হবে না। যারা একসময়… আমি যদি খুন করি এবং তারপর এসে মাফ চাই, তাহলে আমি কি মাফ পাব? এটা তো… আমার ইন্ডাস্ট্রি গট ইমপ্যাক্টেড, পুরো ব্যাংকিং শিল্পে কিন্তু এর দ্বারা ইমপ্যাক্টেড হয়েছে। এবং তার জন্য আজকে আমাদের একটা পুরো সিস্টেমিক ইস্যু হয়ে গেছে।’

ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।