দেশের বাজারে সোনার বড় দরপতন হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার মোটা ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবারও মূল্যবান এ ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামেই।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ হয়।
সম্প্রতি বাংলাদেশসহ সারা বিশ্বে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে কয়েক সপ্তাহজুড়েই চলে দামের নাটকীয় ওঠা-নামা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই সোনার দামে এই অস্থিরতা দেখা যাচ্ছে। বার বার দাম সমন্বয়ের কারণে বিভ্রান্ত হচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির পর দেশের বাজারেও ভালো মানের এক ভরি সোনার দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। তবে আন্তর্জাতিক বাজারে দর কমতেই দেশের বাজারেও বড় ধরনের সমন্বয় শুরু হয়। করোনার পরের পাঁচ বছরে বিশ্বে সোনার দাম ঝড়োগতিতে বেড়েছে। দেশে ২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার এই ধাতুটির দাম ভরিতে ছাড়ায় এক লাখ টাকা।
সর্বশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।