তেলের ‘অভাব বাড়াচ্ছে’ সবজির দাম

জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ ভালো হলেও পরিবহন খরচে বাড়ছে সবজির দাম। বিক্রেতারা এমন দাবি করেছেন।

আজ শুক্রবার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের সরবরাহও। মুরগির দাম কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। চাহিদা মাফিক পণ্য কেনা গেলেও বাজারভেদে গুনতে হচ্ছে বাড়তি দাম।

কারওয়ান বাজারে বরবটি, করলা, চিচিঙ্গা, কাকরোল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। একই সবজি রামপুরা বাজারে কিনতে হচ্ছে ১০০ টাকা কেজি দরে। আর গোল বেগুনের কেজি ১৬০ টাকা।

বিক্রেতাদের দাবি, পণ্য পরিবহনের অতিরিক্ত ভাড়ার জন্য দাম বেশি। খরচ স্বাভাবিক হলে দাম হয়তো স্বাভাবিক হবে।

গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ১২০ টাকায়। খুচরা বাজারে তা ১৩০ টাকা। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে কিছুটা কমেছে সোনালি মুরগির দাম। প্রতি কেজি মিলছে ৩৬০ টাকায়।

কয়েক সপ্তাহ হয়ে গেলেও অস্থিরতা কাটেনি ভোজ্যতেলের বাজারে। সরবরাহ কম বোতলজাত সয়াবিন তেলের। আর খোলা সয়াবিন কেজি ২০০ টাকা।