রাশিয়ার তেল কিনতে বাংলাদেশকে অনুমতি দিল যুক্তরাষ্ট্র

সম্প্রতি যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ৬০ দিনের জন্য রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ওপর বাংলাদেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ১১ এপ্রিল থেকে এই ছাড় কার্যকর হয়েছে। ৯ জুন পর্যন্ত জ্বালানি তেল আমদানি করা যাবে। ফলে বাংলাদেশ নতুন করে রাশিয়া থেকে তেল কিনতে পারবে।

বিপিসি রাশিয়া থেকে পরিশোধিত তেল বিশেষ করে ডিজেল, এলপিজি, এলএনজি আমদানি করতে চায়। প্রথম ধাপে প্রায় ১ লাখ টন ডিজেল আমদানির প্রস্তুতি নেয়া হচ্ছে। অন্তত ১০ লাখ টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। রোববার বিপিসি অভ্যন্তরীণ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবে। দ্রুত আমদানি প্রক্রিয়া শুরু করতে চায় বিপিসি। 

এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ ১২ মার্চ ৩০ দিনের জন্য রাশিয়ার তেল কেনায় ছাড় দিয়েছিল। কিন্তু তা শুধু আগে থেকেই জাহাজে তোলা তেলের জন্য প্রযোজ্য ছিল। নতুন করে তেল কেনার সুযোগ ছিল না। তখন বাংলাদেশে আসার পথে কোনো রাশিয়ান তেলের জাহাজ ছিল না। তাই আগের ছাড়ে বাংলাদেশ কোনো তেল কিনতে পারেনি। 

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল সরকার। আগামী ৩ মাসের জন্য তেল ছাড়ের অনুরোধ করা হয়েছিল।