দেড় মাস পর আবারও বাজার থেকে ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এপ্রিলে টানা দুই দিনে ৪টি ব্যাণিজিক ব্যাংক থেকে মোট ১২ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন- আকু’র বিল পরিশোধের পর রিজার্ভের ওপর যাতে চাপ না পড়ে, সেজন্য আবারও বাজার থেকে ডলার কিনতে শুরু করেছে সংগঠনটি।
আকু’র আমদানি বিল আগামী মাসের (মে মাসের) প্রথম সপ্তাহে পরিশোধ করতে হবে। মার্চ ও এপ্রিলের জন্য এ বিল আসতে পারে দেড় বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাজার থেকে মোট ৫৬১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বিনিময় হার স্থিতিশীল রাখার জন্য এভাবে বাজার থেকে ডলার কিনে থাকে কেন্দ্রীয় ব্যাংক।
তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত অনিশ্চয়তার প্রেক্ষাপটে ব্যাংকগুলোর মধ্যে ডলার নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছিল। সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় ব্যাংকগুলো আগাম দায় পরিশোধের দিকে ঝুঁকে পড়ে। এতে বাজারে চাহিদা সাময়িকভাবে বেড়ে যায় এবং দামও কিছুটা ঊর্ধ্বমুখী হয়। সে কারণেই দেড় মাস ডলার কেনা থেকে বিরত ছিল বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, সম্প্রতি রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতির কল্যাণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে। চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের এই হালনাগাদ তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।