বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন পাঁচ ব্যাংকের ১০ সেবা

বিনিয়োগ উন্নয়ন বোর্ড- বিডা'র ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন পাঁচ ব্যাংকের ১০টি সেবা। এর ফলে বিডার ওএসএস সার্ভিসে যুক্ত হলো মোট ১৭টি ব্যাংক, যেখানে হিসাব খোলাসহ অন্যান্য ব্যাংক সেবা পাবেন সাধারণ ও বিদেশি বিনিয়োগকারীরা।

আজ রোববার এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে নতুন পাঁচ ব্যাংক। 

বিডার ওয়ান স্টপ সার্ভিসের তালিকায় যুক্ত হওয়া নতুন প্রতিষ্ঠানগুলো হল এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবি, সীমান্ত ও আল আরাফা ইসলামী ব্যাংক। এর ফলে বিডার ওয়ান স্টপ সার্ভিসে এখন থেকে মোট ৬৭ প্রতিষ্ঠানের ১৫২টি সেবা যুক্ত হলো। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডা'র নির্বাহী সদস্য শাহরুল হুদা জানান, ১৫০ সেবা দেওয়ার লক্ষ্যে ওএসএস চালু হলেও তা ২০০ ছাড়িয়ে যাবে। এ সেবা আরও বেশি জনসাধারনের জন্য উন্মুক্ত করার কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রত্যেকের যে একটা অঙ্গীকার যে, আমি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। গ্রাহক যেমন জানবে, তেমনি আপনারা যারা সেবা দিচ্ছেন তারাও জানবেন।’ 

এসময় ২০৩০ সালের মধ্যে বিডার সহ বিনিয়োগনির্ভর সকল প্রতিষ্ঠানের সেবা এক ছাতার নিচে 'বাংলা বিজ' সেবার আওতায় চলে আসবে বলেও জানান তিনি।