জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনের প্রায় সব জায়গায়। তেলের দাম বাড়ার পর থেকে বাড়তে শুরু করেছে ডিম, মুরগি, সবজিসহ নিত্যপণ্যের।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সবজি থেকে শুরু করে মাছ, ডিমসহ প্রায় সবকিছুরই দাম বেড়েছে। ডিমের ডজন প্রতি বেড়েছে ১০ টাকা। শসা ১০০ টাকা কেজি। দাম বেড়েছে টমেটো, বেগুনেরও।
কারওয়ানে বাজারে কাকরোল, করলা, ঢেঁড়শ, পটলের দাম আগের মতোই ৪০-৫০ টাকা কেজি। সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম উঠেছে ১৮০-১৯০ টাকায়। ডিমের দামও ডজনে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
পরিবহন খরচ বৃদ্ধির জন্যই নিত্যপণ্যের বাড়তি দাম, বলছেন ক্রেতা–বিক্রেতারা। কারওয়ান বাজারে বাজার করতে আসা এক ক্রেতা বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বাজারে পড়েছে। যে হারে তেল আর গ্যাসের দাম বাড়ছে সেই হারে দ্রব্যমূল্যও বাড়ছে।’ এক মুরগি বিক্রেতা বলেন, ‘তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বাড়ছে। তাই মুরগি আর ডিমের দামও বাড়ছে।’
বোতালজাত তেলের সরবারহ কিছুটা কম থাকলেও, খোলা সয়াবিন বিক্রি হচ্ছে আগের মতোই ২০০ টাকা কেজিতে।