নভেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা না বাড়লেও, রাজধানীর শপিংমল ও ফুটপাতের দোকানে বাড়তে শুরু করেছে শীতের পোশাকের কেনাকাটা। তবে বাজারে আগের বছরের পোশাকই বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
গত কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমে আসায় শীতের পোশাকের দোকানে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। সোয়েটার, জ্যাকেট, হুডি, ব্লেজার, চাদরসহ নানা ধরনের শীতবস্ত্র কিনতে বাজারে আসছেন ক্রেতারা। বিশেষ করে শিশুদের শীতের পোশাক কেনার প্রতি আগ্রহ বেশি অভিভাবকদের।
রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, চাঁদনী চক সহ বিভিন্ন এলাকার ফুটপাতে পোশাকের দাম তুলনামূলক কম হওয়ায়, নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের ভিড় বেশি।
অন্যদিকে শপিংমলগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোর বিক্রেতারা জানান, গত বছরের চেয়ে এ বছর শীতের পোশাকের দাম কমানো হয়েছে। ছেলেদের শীতের পোশাকের মধ্যে ফুলহাতা টি-শার্ট ও হুডির চাহিদা বেশি। দোকানভেদে হুডি ৫০০ থেকে ১৬শ টাকা, ফুলহাতা টি-শার্ট ৩০০ থেকে ১২ শ টাকা। এছাড়া আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট ২ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা। এবং ব্র্যান্ডভেদে ব্লেজারের দাম সাড়ে ৪ হাজার থেকে ৯ হাজার টাকা ছাড়িয়েছে।
তবে ক্রেতাদের অভিযোগ, শীতের পোশাকের নকশায় নতুনত্ব কম। এছাড়া আগের বছরের পোশাকই বেশি বলে জানান তারা।
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে পোশাকের বাজার আরও জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।


