চলতি বছর জ্বালানি আমদানিতে ৪০ শতাংশ ব্যয় বৃদ্ধির আশঙ্কা

চলতি বছর জ্বালানি তেল আমদানিতে দেশের ব্যয় ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংকট দীর্ঘস্থায়ী হলে আগামী দুই বছরে দেশের জিডিপি ৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলেও এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি।

ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে উঠে এসেছে, জ্বালানি সংকটের কারণে নতুন করে চাপে পড়ছে দেশের অর্থনীতি। জ্বালানি খাতে আমদানি ব্যয় বেড়েছে। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। 

এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে সৌদি আরব থেকে অপরিশোধিত তেলবাহী এক জাহাজেই বাড়তি খরচ পড়ছে ৬০৭ কোটি টাকা। অর্থাৎ, এক চালানেই আমদানি ব্যয় দ্বিগুণ বেড়েছে। 

গত মঙ্গলবার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এতে প্রায় এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। সেখানে প্রতি ব্যারেলের দাম পড়ছে ১২৬ দশমিক ২৮ ডলার। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৭০ থেকে ৭২ ডলার।