যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এআরটি বা বাণিজ্যচুক্তির ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলো আরও বেশি সুযোগ পাবে। এর মাধ্যমে বাংলাদেশের সাথে অশুল্ক বাধা যেমন দূর হয়েছে-তেমনি মার্কিন পণ্য প্রবেশ ও ব্যবসার নতুন সুযোগ তৈরি হয়েছে।–এমন মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন অ্যসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর।
গত রোববার স্থানীয় সময়ে ওয়াশিংটন ডিসিতে সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ সময় পল কাপুর দাবি করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কই ঠিক করবে আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল কী হবে। এ সময় বোয়িং কেনার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ওয়াশিংটনে গেছে। ৩ মে শুরু হওয়া সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। সম্মেলনে ১০০টির বেশি দেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।
পল কাপুর ছাড়াও রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির কূটনীতিকরা উপস্থিত ছিলেন।