মূল্যস্ফীতি ফের ৯ শতাংশ ছাড়াল

খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বাড়ায় একমাসের ব্যবধানে ফের সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ঘরে। সবশেষ এপ্রিল মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ০৪ শতাংশ। মার্চে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। যার প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতিতে। পরিবহন থেকে শুরু করে পণ্যের উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। ফলে ভোক্তাদের আগের চেয়ে বেশি দামে পণ্য কিনতে হয়। একই সঙ্গে আমদানিনির্ভর সকল পণ্যেরও দাম বাড়ায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। 

জ্বালানি তেলের দাম বাড়ানো হলে জীবনযাত্রার ওপর প্রভাব ফেলে। জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়। পরিবহন খরচ থেকে শুরু করে পণ্যের উৎপাদন খরচ বাড়ায়। ফলে ভোক্তাদের আগের চেয়ে বেশি দামে পণ্য কিনতে হয়।

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশে। গ্রাম-শহর নির্বিশেষে সার্বিক মূল্যস্ফীতি এখন ৯ শতাংশের বেশি।