বেশি লাভের আশায় অপরিপক্ব লিচু বাজারে

বাজারে পরিপক্ব লিচু আসতে এখনো অন্তত ২ সপ্তাহ বাকি। অথচ এর মধ্যেই মেহেরপুরের বাজারে বিক্রি হচ্ছে কাঁচা ও আধাপাকা লিচু। নতুন ফল হিসেবে চাহিদা আর চড়া দামের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা গাছ থেকে এসব লিচু নামিয়ে আনছেন। কৃষি বিভাগ বলছে, আগাম সংগ্রহ করায় এতে যেমন স্বাদ নেই, তেমনি গুণাগুণও বজায় থাকছে না। 

ঝুড়িভর্তি থোকায় থোকায় লিচু। বেশির ভাগই কাঁচা সবুজ রঙের। মেহেরপুরের বাজারে দেখা যাচ্ছে অপরিপক্ব এই ফল। 

বাড়তি দামের আশায়, খাওয়ার উপযোগী হওয়ার আগেই গাছ থেকে নামানো হচ্ছে এসব লিচু। বর্তমানে ৮০টি লিচু বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। 

বাগান মালিকরা বলছেন, ঝড়ে ক্ষতির ভয় আর বাদুড় ও পাখির অত্যাচার থেকে বাঁচতেই বিক্রি করে দিচ্ছেন আগেভাগে। রোদের কারণে লিচুর একপাশ লালচে হলেও অন্য পাশ রয়ে গেছে সবুজ।  

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধা বলেন, ‘জেলায় বোম্বাই, চায়না-থ্রি ও মোজাফফর জাতের লিচুর বাগান আছে প্রায় ৬০০ হেক্টর জমিতে।’

পরিপক্ব ও রসালো লিচুর স্বাদ পেতে আরও অন্তত ১৫ দিন অপেক্ষা করার পরামর্শ কৃষি বিভাগের। ব্যবসায়িক লাভের চেয়ে ফলের গুণগত মানের দিকেও নজর দিতে বলছে তারা।