ডলার বা বিদেশি মুদ্রার দামে কৃত্রিম প্রভাব না ফেলতে ব্যাংকগুলোকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের সাথে অনুষ্ঠিত এক সভায় গভর্নর এ নির্দেশনা দেন।
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এই সভায় দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে গভর্নর ব্যাংকারদের আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ডলারের বাজার নিয়ন্ত্রণ করবে না। তবে একই সাথে তিনি সতর্ক করেছেন, নির্ধারিত নিয়ম ভেঙে বেশি দামে ডলার কেনাবেচা করলে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।