মে মাসে রপ্তানি কমল ৭ শতাংশ

এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মে মাসে দেশ থেকে ৪৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা ২০২৫ সালের মে মাসে ছিল ৪৭৩ কোটি ৭৯ লাখ ডলার। গত মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের চেয়ে ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩৫৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। 

চলতি অর্থবছরের জুলাই (২০২৫) থেকে মে (২০২৬) পর্যন্ত সময়ে তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে সার্বিক রপ্তানিও প্রায় আড়াই শতাংশ হ্রাস পেয়েছে। এতে মোট রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৩৮০ কোটি ডলার। 

এর আগে, টানা ৮ মাস দেশের রপ্তানি খাত নেতিবাচক থাকার পর গত এপ্রিলে ঘুরে দাঁড়িয়ে প্রবৃদ্ধির দেখা মিলেছিল। কিন্তু এক মাস যেতে না যেতেই ফের হ্রাস পায় রপ্তানির পরিমাণ। রপ্তানি খাতকে ইতিবাচক ধারায় ফেরানো দেশের অর্থনীতির জন্য এক চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে।