ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিন?

করের আওতা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর- টিআইএন (টিন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে সরকার। এখন থেকে শুধু নতুন হিসাব খোলাই নয়, বর্তমান হিসাব সচল রাখতেও টিআইএন থাকা বাধ্যতামূলক করা হতে পারে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু কিছু ছাড় রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। 

উল্লেখ্য, বর্তমানে দেশে প্রায় ১৭ কোটি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক হিসাবধারীর কোনো টিআইএন বা টিন নেই। 

সরকার মনে করছে, কর শনাক্তকরণ নম্বর যুক্ত হলে আর্থিক লেনদেন পর্যবেক্ষণ সহজ হবে এবং কর ফাঁকির সুযোগ কমে আসবে। যদিও টিআইএন না থাকলেও ব্যাংক আমানতের সুদের ওপর তুলনামূলক বেশি হারে উৎসে কর কাটা হয়, তবে এতদিন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক ছিল না।