স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টাসহ জাতীয় বাজেট পেশ করেছেন মোট ১৪ জন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ঘোষণা করেন তিনটি বাজেট। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রথমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের প্রথম বাজেটের তুলনায় এবার আকার ছাড়িয়েছে ১২শ গুণ বেশি।
১৯৭২ সালের ৩০ জুন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ১৯৭২-৭৩ অর্থবছরের সেই বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। এর পর ১৯৭৩-৭৪ অর্থবছরে ছিল ৯৯৫ কোটি টাকা এবং ১৯৭৪-৭৫ ১,৮৪.৩৭ কোটি টাকা।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৬ থেকে ১৯৭৯ পর্যন্ত টানা তিন অর্থবছরে বাজেট ঘোষণা করেন তিনি নিজেই। ১৯৭৮-৭৯ অর্থবছরে তার সবশেষ বাজেটের আকার ছিল ২ হাজার ৪৯৯ কোটি টাকা। সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে বেরিয়ে মুক্তবাজার অর্থনীতির প্রবর্তন করেন তিনি। ১৯৭৬-৭৭ অর্থবছরে ছিল ১,৯৮৯.৮৭ কোটি টাকা, ১৯৭৭-৭৮ অর্থবছরে ২,১৮৪ কোটি টাকা এবং ১৯৭৮-৭৯ অর্থবছরে ছিল ২,৪৯৯ কোটি টাকা।
হুসেইন মোহাম্মদ এরশাদ ১৯৮২ সালে ক্ষমতা দখলের পর তার সরকারের প্রথম বাজেট পেশ করা হয় ১৯৮২-৮৩ অর্থবছরে। তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সেই বাজেটের আকার ছিল ৪ হাজার ৭৩৮ কোটি টাকা। ১৯৮৩-৮৪ অর্থবছরে ছিল ৫ হাজার ৮৯৬ কোটি টাকা।
বাংলাদেশের বাজেট ইতিহাসে সবচেয়ে বেশি, ১২ বার বাজেট উপস্থাপনের রেকর্ড এম সাইফুর রহমানের। ১৯৯১-৯২ অর্থবছরের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের প্রথম বাজেট পেশ করেন তিনি। যার আকার ছিল ১৫ হাজার ৫৮৪ কোটি টাকা।
সাইফুর রহমানের সময়ে রাজস্ব আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসেবমূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা চালু করা হয়। এছাড়া অর্থনীতির কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেয়া হয়। নেওয়া হয় নমনীয় বিনিময় হার নীতি। তার সময়ে বাজেটের আকার ছাড়ায় ৫০ হাজার কোটি টাকা।
এদিকে ১৯৯৬-৯৭ থেকে ২০০১-০২ অর্থবছর পর্যন্ত টানা ছয় বার বাজেট দেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ১৯৯৬-৯৭ অর্থবছরে বাজেটের আকার ছিল ২৪ হাজার ৬০৩ কোটি টাকা এবং ২০০১-০২ অর্থবছরে ছিল ৪২ হাজার ৩০৬ কোটি টাকা।
২০০৯-১০ অর্থবছর থেকে টানা ১০ বারসহ মোট ১২টি বাজেট ঘোষণার মধ্য দিয়ে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের রেকর্ড ছুঁয়েছেন আবুল মাল আবদুল মুহিত। এসময় বাজেটে আকার ছাড়ায় সাড়ে ৪ লাখ কোটি টাকা।
২০১৯-২০ অর্থবছরে আ হ ম মুস্তফা কামালের সময়ে প্রথমবারের মতো বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা অতিক্রম করে। তিনি টানা ৫টি বাজেট উপস্থাপন করেন। ২০২৩-২৪ অর্থবছরে তার সবশেষ বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
শেখ হাসিনার সরকার পতনের দুই মাস আগে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন আবুল হাসান মাহমুদ আলী। আর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ২০২৫-২৬ অর্থবছরে জন্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন।
এবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাত সংস্কারের মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি আনার প্রত্যাশা সরকারের।