এনবিআর দুই ভাগ হবেই: অর্থমন্ত্রী

রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ নামে এনবিআর দুই ভাগ হবেই। আমলাদের মধ্যে যারা ব্যবসা সহজ করতে বাধা হয়ে দাঁড়াবে, তারা প্রশাসনে থাকতে পারবেন না। এমন হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার দুপুরে রাজধানীতে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত বাজেট সংলাপে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বাজেটে যেসব সমস্যা আছে, তা সমাধান করার চেষ্টা চলছে।

তিনি বলেন, ঘাটতি পূরণে বেসরকারি খাতের ক্ষতি এড়াতে ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা কমাচ্ছে সরকার। এর বিপরীতে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিকল্প বাজার-ভিত্তিক অর্থায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সরকারকে দুই বছর সময় দিতে হবে। জ্বালানি সংকট ও কাঠামোগত সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্য এ সময় প্রয়োজন।

আমির খসরু বলেন, বাংলাদেশ অতিরিক্ত নিয়মের বেড়াজালে বন্দি দেশ হওয়ায় ব্যবসার পরিবেশ ও জীবনযাত্রা সহজ করতে সরকার নিয়মকানুন শিথিল করছে। এই সরকারের মেয়াদ শেষে শিক্ষা-স্বাস্থ্যের বরাদ্দ ৫ শতাংশে উন্নতি করা যাবে।