গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে সরকার ব্যাংক থেকে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বেশি ঋণ নিয়েছে। অন্যদিকে একই সময়ে বেসরকারি খাত ব্যাংক থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা কম ঋণ পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে অর্থাৎ জুলাই থেকে এপ্রিল মাসে ব্যাংক খাত থেকে নিট ৩২ হাজার ৫৬২ কোটি টাকার ঋণ নিয়েছিল সরকার। চলতি অর্থবছরের একই সময়ে সরকারের নেয়া এ ঋণের পরিমাণ ১ লাখ ৮ হাজার ১৮২ কোটি টাকায় দাঁড়িয়েছে। সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাংক থেকে সরকার ৭৫ হাজার ৬২০ কোটি টাকা বা তিন গুণ বেশি ঋণ নিয়েছে।
অর্থনীতিবিদদের মতে, সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। চলতি অর্থবছরের শুরুতে যে বাজেট ঘোষণা করা হয়েছিল, তাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।