খাদ্য নিরাপত্তাসহ জরুরি দুটি প্রকল্পের জন্য বাংলাদেশকে ১১০ কোটি ডলার (প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। যার মধ্যে ৩০ কোটি ডলার দেওয়া হচ্ছে খাদ্য নিরাপত্তায় জরুরি সহায়তা প্রকল্পে।
শুক্রবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বৈশ্বিক সার ও জ্বালানির সরবরাহে অস্থিরতা মোকাবিলা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বাড়াতে এ সহায়তা দেওয়া হচ্ছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জঁ পেসমে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে খাদ্য, সার ও জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে সরকারের আর্থিক সক্ষমতায় চাপ তৈরি হয়েছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্ষুদ্র কৃষক এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর। এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।
খাদ্য নিরাপত্তায় জরুরি সহায়তা প্রকল্পের ৩০ কোটি ডলার দিয়ে চলতি বছরের জুলাই-অক্টোবর (আমন মৌসুম) এবং অক্টোবর ২০২৬ থেকে এপ্রিল ২০২৭ (বোরো মৌসুম) পর্যন্ত ৬ লাখ মেট্রিক টন সার আমদানি করা হবে, যার অর্ধেক ইউরিয়া। এতে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ধান উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। বাকি ৭১ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নগদ সহায়তা, জীবিকা পুনরুদ্ধার এবং খাদ্য, ওষুধ, চিকিৎসা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ জরুরি সেবায় ব্যয় করা হবে। চলতি জুন মাসের মধ্যেই অর্থ ছাড়ের পরিকল্পনা রয়েছে।