খাদ্যদ্রব্যের দাম কমায় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

চলতি বছরের মে মাসের তুলনায় গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশে। যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই কমে এসেছে মূল্যস্ফীতি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত– উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। 

জুন মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৭১ শতাংশ থেকে সামান্য কমে জুনে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে।

তবে চলতি বছরের চিত্র গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা ভিন্ন। পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের জুনে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ, যা এ বছরের জুনে বেড়ে ৯ দশমিক ১৬ শতাংশ হয়েছে।