আমেরিকায় পোশাক রপ্তানিতে সুখবর পেল বাংলাদেশ

বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। তবে একক মাস হিসেবে মে মাসে রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।

ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল—ওটেক্সার হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬ দশমিক ০৪ শতাংশ বেড়ে ৫৮ কোটি ২০ লাখ (৫৮২ মিলিয়ন) ডলারে পৌঁছেছে।

মে মাসের এই ইতিবাচক ধারার ফলে ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মার্কিন ক্রেতারা চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ এই অবস্থান ধরে রাখতে পেরেছে। তবে চীন থেকে চলে যাওয়া ক্রয়াদেশের বড় একটি অংশ বাংলাদেশ এখনো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি বলেও জানান তাঁরা।