অ্যাপ থেকে ব্যাংকে সেকেন্ডেই টাকা পাঠাতে আইআইপিএস চালুর প্রস্তুতি

মোবাইল অ্যাপ থেকেই ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে কয়েক সেকেন্ডেই টাকা পাঠানো যাবে। এমন লক্ষ্য নিয়েই দেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা আইআইপিএস চালুর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিআরআইয়ের আলোচনায় এ তথ্য জানানো হয়। 

বর্তমানে দেশের মোবাইল আর্থিক সেবাগুলো মূলত আলাদা আলাদা নেটওয়ার্কে পরিচালিত হয়। ফলে এক সেবাদাতা থেকে অন্য সেবাদাতায় সরাসরি অর্থ স্থানান্তর এখনো সীমিত। অন্যদিকে বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে গড়ে সাড়ে ৬ শতাংশের মতো খরচ হওয়ায়, অনেকেই ঝুঁকছেন হুন্ডির মতো অবৈধ পথে। সমস্যা সমাধানে দেশে চালু হতে যাচ্ছে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা আইআইপিএস। 

পলিসি রিসার্চ ইনস্টিটিউট- পিআরআই আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, দেশে ডিজিটাল লেনদেনের পরিধি দ্রুত বাড়লেও, এখনো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃসংযোগ তৈরি হয়নি।

বিআইবিএম মহাপরিচালক ড. এজাজ আহমেদ বলেন, অ্যাপ থেকেই ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে কয়েক সেকেন্ডেই টাকা পাঠানো যাবে। আইআইপিএসের ব্যবহার বাড়লে, সরকারের রাজস্ব আয় আরও বাড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইকো সিস্টেম উন্নত না হওয়ায় ডিজিটাল লেনদেন জনপ্রিয় হচ্ছে না। সঠিক নীতি গ্রহণ করা গেলে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসতে পারে দেশে। কিউআর কোড জনপ্রিয় করতে, খরচ কমানো না গেলে মানুষের আগ্রহ বাড়বে না বলেও মনে করেন তিনি।