সব সবজির দাম বেড়েছে, কাঁচা মরিচের বাজার অস্থির

টানা বৃষ্টি এবং ফলন নষ্ট হওয়ার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। পেঁয়াজের দাম বেড়েছে, কাঁচা মরিচের দামও আকাশচুম্বী। 

৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা। বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। কাঁচা মরিচের দাম ২০০ থেকে ২৩০ টাকা। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দর ১০০ টাকা কেজি ছাড়িয়েছে।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের ভিড়। শসা ও ঝিঙা ১২০ টাকা কেজি। ধুন্দল, কাকরোল , চিচিঙ্গা ১০০ টাকা। 

মানভেদে করলার কেজি ১২০ থেকে ১৪০ টাকা, পেঁপে ৫০ টাকা। গত সপ্তাহে পটলের দাম ছিল ৬০ টাকা। আজ ২০ টাকা বেড়ে কেজি ৮০ টাকা। আলুর দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। 

অন্যদিকে, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি দাঁড়িয়েছে ১৯০ টাকা। এছাড়া প্রতি ডজনে ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। 

বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়াকে দাম বাড়ার কারণ হিসেবে দেখছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের সুযোগে বিক্রেতারা বাড়তি দাম হাঁকাচ্ছেন।