রপ্তানি খাতে অর্থায়নের পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ থেকে বাইসাইকেল, ফার্নিচার এবং হিমায়িত খাদ্য খাতের রপ্তানিকারকরাও কম সুদে ঋণ সুবিধা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইডিএফ থেকে বাইসাইকেল ও ফার্নিচার খাতের রপ্তানিকারকরা সর্বোচ্চ এক কোটি ডলার এবং হিমায়িত খাদ্য রপ্তানিকারকরা সর্বোচ্চ ৫০ লাখ ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর আগে এই সুবিধা মূলত তৈরি পোশাক ও চামড়া খাতের রপ্তানিকারকদের মধ্যে সীমাবদ্ধ ছিল।
রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণ আমদানিতে সহজ অর্থায়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণভাবে ঋণ ১৮০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে মেয়াদ ২৭০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।
এছাড়া আমদানি মূল্য পরিশোধ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়নের অর্থ প্রাপ্তি পর্যন্ত সময়ের ব্যয় মেটাতে ব্যাংকগুলো অতিরিক্ত বার্ষিক ১ শতাংশ চার্জ আরোপ করতে পারবে।
ঋণ পরিশোধে বিলম্ব নিরুৎসাহিত করতে নির্ধারিত সময়ের পর বকেয়া ইডিএফ ঋণের ওপর প্রচলিত ঋণ সুদহারের অতিরিক্ত ৪ শতাংশ হারে দণ্ডসুদ আরোপ করা হবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে শরিয়াহ নীতিমালা অনুযায়ী সমপরিমাণ ক্ষতিপূরণ প্রযোজ্য হবে।