গ্যাস সরবরাহ নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী

বৃহস্পতিবার বিকেলের মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দুই-তিন দিনের মধ্যে আগের মতোই সরবরাহ শুরু হবে।

গত ২১ জুলাই বেলা সাড় ১১টার দিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভয়াবহ গ্যাস-সংকটে পড়ে দেশ। গ্যাস-সংকটে শিল্পকারখানাগুলো কর্মীদের ছুটি দিয়ে উৎপাদন বন্ধ রেখেছে।

এই পরিস্থিতির ১৬ দিন পর ত্রুটি মেরামত শেষে আবারও বুধবার রাত ২টা ৪৫ মিনিট থেকে টার্মিনাল থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ এমএমএসসিএফডি হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এদিকে, সচিবালয়ে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন জ্বালানিমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে বৈঠক এটা স্বাভাবিক বিষয়। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি।’

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি আলোচনায় এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে কিছু বলব না। শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে।’