গ্যাস নিয়ে এল বড় দুঃসংবাদ

দুটি এলএনজি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ কমে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। এর মধ্যেই এলএনজিবাহী একটি জাহাজ সাগর উত্তাল থাকায় ফিরে যাওয়ায় ১৫ আগস্টের আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা।

সংস্থাটি আরও জানিয়েছে, মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জাহাজটি ফিরে যাওয়ায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্বাভাবিক সময়ে যেখানে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, সেখানে বর্তমানে সরবরাহ নেমে এসেছে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটে। 

এদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকেও আংশিকভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে দুটি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ কমে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি ও চাপ তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে বিভিন্ন অঞ্চলের গ্যাস সরবরাহ ব্যবস্থায়।

ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আপাতত কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এফএসআরইউ ছাড়া গ্যাস নামানোর সুযোগ নেই, তাই প্রকৌশলীরা টার্মিনালটি সচল করার কাজ করছেন এবং তাদের কাজ শেষ হওয়ার অপেক্ষা করতে হচ্ছে।