বিদ্যুৎ-গ্যাসের সংকট সমাধান ৬ মাস বা এক বছরে সম্ভব নয়: অর্থমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস বা এক বছরে সমাধান সম্ভব নয়, জ্বালানি সংকট কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই সংকট নিরসনে কাজ করছে সরকার।  

আজ রোববার রাজধানীর একটি হোটেলে অ্যামচেম আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার প্রক্রিয়ায় রয়েছে। উত্তরাধিকারসূত্রে পাওয়া আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকার। ভবিষ্যতে জ্বালানি চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লার সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করছে সরকার। দেশের পুঁজিবাজার আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তাই, জেপি মরগানের মতো বিদেশি প্রতিষ্ঠানও পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী। 

মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। পুরোপুরি সংকট কাটাতে কমপক্ষে ২ বছর সময় লাগবে। জ্বালানি সংকট সমাধান ও দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকার কাজ করছে।’