গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে এই এলএনজি সরবরাহ করবে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজির দাম ধরা হয়েছে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। পাশাপাশি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

বৈঠকে জানানো হয়, জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এছাড়া ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার আমদানি ও ২০ হাজার টন পরিশোধিত পাম অলিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।