ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যাচাই না করে তথ্য ব্যবহারের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে।
মঙ্গলবার সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের প্রতিবেদনে সিপিডি’র দেওয়া তথ্য বিষয়ে প্রশ্ন তোলা হয়। সোমবার সিপিডি’র প্রতিবেদনে বলা হয়েছিল, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে, ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হয়েছে।
সিপিডি জানায়, প্রতিবেদনের গবেষণা পদ্ধতিতে সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমের প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল।