মেট্রোরেলের দুই প্রকল্পের ব‍্যয় বেড়ে দ্বিগুণ, কমানোর তাগিদ পরিকল্পনা কমিশনের

রাজধানীর দুই রুটে মেট্রোরেল নির্মাণে ব্যয় দ্বিগুণের বেশি বাড়ার পর তা কমানোর তাগিদ দিয়েছে পরিকল্পনা কমিশন। ২০১৯ সালে এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর উত্তর প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় ৯৩ হাজার ৮০০ কোটি টাকা। নতুন প্রস্তাবে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৯৮৫ কোটি টাকা। নকশা পরিবর্তন, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, ডলারের দর বৃদ্ধিসহ নানা কারণে বেড়েছে ব্যয়। 

এমআরটি লাইন-১ এর একটি অংশ বিমানবন্দর থেকে কমলাপুর। অন্যটি নর্দ্দা থেকে পূর্বাচল। লাইন-৫ যাবে সাভার থেকে গাবতলী, মিরপুর, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত। দুটি রুটই পাতাল ও উড়ালপথের সমন্বয়ে হবে।  

তবে বাড়তি খরচকে যৌক্তিক বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, উন্নত দেশেও একই খরচে এমন রেলপথ নির্মাণ হচ্ছে। তবুও ব্যয় কমানোর চেষ্টা হবে।  

জাইকার অর্থায়নে প্রকল্পের ব্যয় যৌক্তিক কিনা, প্রশ্ন বিশেষজ্ঞদের। যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলছেন, দরপত্রে শুধু জাপানি প্রতিষ্ঠানের অংশ নেওয়ার শর্তে লাফিয়ে বাড়ছে ব্যয়।    

মেট্রোরেলের মতো বড় প্রকল্পের খরচ নিয়ন্ত্রণে ঋণদাতাদের সাথে দরকষাকষি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।