বায়রা সদস্যদের অভিযোগ

‘রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে’

শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে বলে অভিযোগ বায়রার সদস্যদের। মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও উন্মুক্ত জনশক্তি রপ্তানি চালুর দাবি রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠনটির। 

বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক মতবিনিময় শেষে এসব কথা বলেন সংগঠনের নেতারা। 

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে চলমান সংকট নিরসনে বুধবার প্রবাসী কল্যাণমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দেয় বায়রার একটি প্রতিনিধি দল।

মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে সচিবের সঙ্গে বৈঠক করেন নেতারা। এ সময় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর উপযুক্ত পরিবেশ বিষয়ে নিজেদের দাবি-দাওয়া উপস্থাপন করেন তারা।

পরে, এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে চলমান পরিস্থিতি নিয়ে হতাশা জানান নেতারা। তাদের অভিযোগ, মালয়েশিয়ার এফডব্লিউসিএমএস বা প্রবাসী কর্মীদের কেন্দ্রীয় ব্যবস্থাপনা যারা চালান, তারা সিন্ডিকেট করে দেশের অল্প কিছু এজেন্সির নাম দিয়ে প্রতারণা করছে। অথচ সরকার বলছে মালয়েশিয়ার শ্রমবাজার এখনো উন্মুক্ত হয়নি।

বায়রার সাবেক যুগ্মমহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘সাবেক সরকারের আমলে দুদফায় যে সিন্ডকেশন হয়েছিল, সেসব সিন্ডিকেশন আমরা আর চাই না। আমরা চাই সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারে-সেই ম্যাকানিজম সরকারেকে করতে হবে। মন্ত্রণালয় লাইসেন্স দিয়েছে এজেন্সিগুলোকে। কাজেই সরকারের দায়িত্ব সব এজেন্সিকে ফেসিলিটেট করা। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী ৫ বছরে এক কোটি কর্মী পাঠাতে হলে প্রতি বছর হয় বিশ লক্ষ। কাজেই ২০ লাখ কর্মী ২৫টা এজেন্সিকে দিয়ে পাঠানো সম্ভব হবে না। নিরানব্বই শতাংশ এজেন্সিকে বাদ দিয়ে এক শতাংশ এজেন্সিকে দিয়ে হবে না। সব এজেন্সিকে সক্ষম করে তুলতে হবে।’

বায়রার এক সদস্য বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সরকারি ঘোষণা হয়নি বলে মতবিনিময়ে জানিয়েছেন সচিব। সরকারি ঘোষণার আগে এ বিষয়ে কারও সাথে লেনদেন না করার পরামর্শ দিয়েছেন তিনি।

বায়রার সদস্য মোজাম্মেল হক বলেন, ‘সচিব বলেছেন এফডব্লিউসিএমএস যেসব এজেন্সির নামের ঝোষণা দিয়েছে বলে বলা হচ্ছে এসব নাম মালয়েশিয়ান সরকার থেকে এখনো বাংলাদেশ সরকার পায়নি। মালয়েশিয়ান শ্রম বাজার কখণ চালু হবে এ সংক্রান্ত সরকারি ঘোষণার আগে কাউকে কোনো প্রকার লেনদেন না করতেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ দেন সচিব।’

বায়রার সদস্যরা বলছেন, মালয়েশিয়া চাইলে বায়রার সদস্যরা সরকারের রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে কাজ করতে চায়। সংকট নিরসনে সরকারের সক্রিয় ও আন্তরিক উদ্যোগের প্রত্যাশা নেতাদের।